
রামপুরহাট: গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে৷ খবর পেয়ে পরিবারের লোকজন মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার সোঁজ গ্রামে৷
মৃত ওই গৃহবধূর নাম মৌটুসি মণ্ডল (২৩)৷ বাপের বাড়ি মুরারই থানার বড়ুয়া গ্রামে৷ ২০১৫ সালের এপ্রিল মাসে সোঁজ গ্রামের সুমন মণ্ডলের সঙ্গে বিয়ে হয় মৌটুসির৷ সুমন পেশায় গৃহশিক্ষক৷ তাঁদের বছর দু’য়েকের একটি মেয়ে রয়েছে৷ মৌটুসির কন্যাসন্তান হওয়ায় জন্য দিনরাত শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়ের উপর অত্যাচার করতো বলে অভিযোগ।
মৃতের পরিবারের অভিযোগ, মৌটুসি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লেও তাঁর চিকিৎসার জন্য বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে চাপ দিত শ্বশুরবাড়ির লোক৷ এই নিয়ে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে অশান্তি লেগে থাকতো৷ মাঝেমধ্যে মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত স্বামী, শ্বশুর ও শাশুড়ি।
মেয়ের মামা, জয়চাঁদ ঘোষ জানান, শ্বশুর বাড়ির লোকের অত্যাচারেই আজ আমাদের মেয়ের প্রাণ গেল। আমরা চাই দোষীদের চরম শাস্তি হোক৷ মেয়ের বাড়ির পক্ষ থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ির নামে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পরেই স্বামী, শ্বশুর, শাশুড়ি পলাতক৷ পুলিশ বুধবার রাতেই মৃতদেহ উদ্ধার করে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷


0 Comments