স্নেহাশিস সৈয়দ, বহরমপুর: বিদ্যুৎ বা জেনারেটর নয়, স্রেফ এলপিজি গ্যাসে চলবে এমন ইনকিউবেটর তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন বেলডাঙার ঝুনকা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন। তাঁর দাবি, এই মেশিনে ২১ দিনে ১২০০ ডিম থেকে মুরগির ছানা জন্ম নেবে। নতুন এই ইনকিউবেটরের নাম ইউসা। বাজারে মিলবে দেড় লক্ষ টাকা দামে। একাজের জন্য গত ২রা জানুয়ারি জেলাশাসকের উপস্থিতিতে ইকবালকে পুরষ্কৃত করা হয় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স–এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। জানা গেছে, ইকবালের তৈরি করা ইনকিউবেটর জেলার ২১টি কিষান মাণ্ডিতে রাখবে প্রশাসন। ইতিমধ্যেই ইকবালের ইনকিউবেটর দিয়ে হরিহরপাড়ার কিষাণ মাণ্ডিতে হ্যাচারির উদ্বোধন করা হয়েছে। জেলা ডিআরডিও প্রকল্পের ডিরেক্টর দেবাহুতি ইন্দ্র বলেন, ‘ইকবাল হোসেনের কাজ প্রশংসনীয়। আমরা কিষাণ মাণ্ডিগুলিকে বলেছি ওঁর ইনকিউবেটর ব্যবহার করার জন্য। এতে প্রয়োজনীয় সাহায্য উনি দিতে পারবেন।’ এলাকায় পশুপ্রেমিক হিসেবেই পরিচিত ইকবাল। আশির দশকে নিজেই তৈরি করেছিলেন পোল্ট্রি ফার্ম। ইকবাল জানান, ১৯৮৪ সাল থেকেই ডিম থেকে মুরগির ছানা ফোটানোর মেশিন তৈরির ভাবনা–চিন্তা শুরু করেন তিনি। তবে ইতিমধ্যেই বাজারে চলে এসেছিল বিদ্যুৎ বা জেনারেটরে চলা আরও অনেক ইনকিউবেটর। এরপর শুধুমাত্র গ্যাস ব্যবহার করে ইনকিউবেটর তৈরিতে সফল হন এই উদ্যোগী যুবক। মেশিন পরীক্ষামূলক ভাবে নিজের ফার্মে কাজে লাগিয়ে সফল হন তিনি.


0 Comments