সংবাদদাতা, রামপুরহাট ও বহরমপুর: রবিবার বহরমপুর ও রামপুরহাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকপ্রসার শিল্পী দিবস পালিত হল। এদিন রামপুরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রামপুরহাটের বুঙ্কাতলায় লোকপ্রসার শিল্পী দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহকুমার প্রতিটি ব্লক থেকে ৩০০ জন শিল্পী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সারাদিন ধরে বিভিন্ন শিল্পী বাউল, টুসু, কবিগান, ভাদু গান করেন। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা বলেন, বাংলার ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের উদ্দেশ্যে প্রত্যেক লোকশিল্পীকে স্বীকৃতি ও আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে প্রতিবছর মকর সংক্রান্তির পুণ্যলগ্নে লোকপ্রসার শিল্পী দিবস উদযাপন করা হবে।
অন্যদিকে, এদিন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে লোকপ্রসার শিল্পী দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) প্রদীপ কুমার বিশ্বাস। তিনি বলেন, আলকাপ, রায়বেশের মতো লোকশিল্প থেকে শিল্পীরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। লোকশিল্পে আরও প্রসার ঘটাতে জেলায় শিল্পীদের নিয়ে ওয়ার্কশপ করা দরকার। সেখানে রায়বেশে, আলকাপ শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় বাউল শিল্পীরাও থাকবেন। বহরমপুর সদর মহকুমার পাশাপাশি এদিন অন্যান্য মহকুমাতেও জেলা প্রশাসন ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে লোকপ্রসার শিল্পী দিবস উদযাপন করা হয়েছে। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক দিব্যনারায়ণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শিল্পীর অভাবে লোকশিল্প হারিয়ে যেতে বসেছে। লোকশিল্পের আরও প্রচার ও প্রসারের প্রয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই চেষ্টা চালানো হচ্ছে।


0 Comments