ষড়ঋতুর দেশ আমাদের এই দেশ। প্রতিটি ঋতুর আলাদা আলাদা স্বাদ রয়েছে। তেমনি শীত ঋতুর একটি সুমিষ্ট স্বাদ হচ্ছে খেজুর গাছের রস। ভোলায় শীতের শুরুতেই খেজুর গাছের মিষ্টি রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন গ্রাম এলাকার গাছিরা। শীতের তীব্রতা এখনো দেখা না দিলেও একটু বেশি লাভের আশায় এর মধ্যে খেজুর গাছের রস সংগ্রহের কাজ শুরু করেছেন অনেকেই। দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে প্রতি বছরের মতো এ বছরও চাহিদা অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করেছেন রস সগ্রহকারীরা গাছিরা।
খেজুর রস ও গুড়ের জন্য ভোলা এক সময় বিখ্যাত ছিল। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়। কয়েক বছর আগেও ভোলার বিভিন্ন এলাকার অধিকাংশ বাড়িতে, ক্ষেতের আইলের পাশে ও রাস্তার দুই পাশ দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ। কোনো পরিচর্চা ছাড়াই অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠতো এই সব খেজুর গাছগুলো। প্রতিটি পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত রস দিয়ে তৈরি করা হতো সুস্বাদু গুড়। অত্যন্ত সুস্বাদু হওয়ায় এলাকার চাহিদা পূরণ করে বাড়তি গুড় সরবরাহ করা হতো দেশের বিভিন্ন স্থানে।
বর্তমানে বসতবাড়ি কিংবা ক্ষেত-খামারের পাশে এমনকি রাস্তাঘাটের পাশে আর আগের মতো খেজুর গাছ দেখা মিলে না। আগের সময়ে অনেকেই খেজুর গাছের রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করলেও আজ খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় বেশির ভাগ গাছিরা তাদের এই পূর্বপুরুষের পেশা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহের জন্য অন্য পেশায় চলে যাচ্ছেন। হাতে গোনা কজন এখনো ধরে রেখেছেন এই পেশা।
আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য অন্যান্য গাছের পাশাপাশি বেশি বেশি করে খেজুর গাছ লাগানো। তারা আরো জানান, গ্রামের মানুষকে বেশি বেশি করে খেজুর গাছ রোপণ করার বিষয়ে উৎসাহিত ও সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত। তাছাড়া প্রতি বছর আমরা যে পরিমাণে খেজুর গাছ কেটে ফেলছি তাতে আর কয়েক বছর পর এই খেজুর গাছের রস পাওয়া যাবে কিনা তা আমরা জানি না।
পূর্বে আমরা প্রচুর পরিমাণ খেজুরের রস পেতাম আর সেই রস দিয়ে গুড় তৈরি করতাম আর এখন রসের পরিমাণ কমে যাওয়ায় কিছু অসাধু গাছিরা রসের সঙ্গে চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছেন। খেজুর গাছের এই সংকট নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বেশি বেশি করে সাধ্যমতো খেজুর গাছ রোপণ করতে হবে।
সৌজন্যে ঃ http://www.bdlive24.com/home/details/121782/বাংলাদেশের-শীত-আর-খেজুরের-মিস্টি-রস



0 Comments