Games

The Voice of Murarai

ছাত্র খুনে জড়িতদের ফাসিঁর দাবিতে মৌন মিছিল

ছাত্র খুনে জড়িতদের ফাসিঁর দাবিতে মৌন মিছিল





সেফাতুল্লা শেখ (২২) নামে আইনের এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যার পর মুরারই স্টেশন সংলগ্ন পুকুরের জলে ফেলে দেওয়া হয়। মৃত ছাত্রের বাড়ি মুরারই থানার কাশিমনগরে। ২৮ সেপ্টেম্বর সন্ধেয় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বালুরঘাট ল’কলেজের ছাত্র ছিলেন। ২৩ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের পক্ষ থেকে মুরারই থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। তারপরও সেফাতুল্লাকে খুঁজে না পেয়ে এক প্রতিবেশীর উপর সন্দেহ হয় পরিবারের। কারণ, মাস ছ’য়েক আগে প্রতিবেশী আশিকুল শেখের বিবি মুন্নি বিবির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই ছাত্র। সে সময় গ্রামে বসে বিষয়টি মিটমাট হয়ে যায়। কিন্তু, তারপরও আশিকুলরা সেফাতুল্লাকে সমানে হুমকি দিয়ে যেত বলে অভিযোগ। বিষয়টি পুলিশকে জানান পরিবারের লোকজন।

২৭ সেপ্টেম্বর পুলিশ আশিকুল, তার স্ত্রী মুন্নি, ভাই মুক্তারুল শেখ এবং বাবা সাজ্জাদ শেখকে ধরে নিয়ে যায়। পুলিশি জেরায় ভেঙে পড়ে মুক্তারুল। এরপর ২৮ সেপ্টেম্বর মুক্তারুলের বয়ান অনুযায়ী সন্ধে নাগাদ মুরারই স্টেশনের একটি প্ল্যাটফর্মের শেষে কচুরিপানা ঢাকা পুকুর থেকে ছাত্রের পচাগলা দেহ উদ্ধার করা হয়।

পুলিশি জেরায় মুক্তারুল স্বীকার করেছে, রামপুরহাটে থাকা ভাড়াটে খুনিকে তুলে নিয়ে এসেছিল সে। ছক কষে ওইদিন রাতে সকলকে মুরারই স্টেশনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। মুক্তার বালুরঘাট থেকেই সেফাতুল্লাকে নজরে রাখছিল। মালদা স্টেশনে গৌর এক্সপ্রেস ট্রেন ধরে মুরারই ফিরছিলেন সেফাতুল্লা। স্টেশনের পিছন দিকে নামেন তিনি। ট্রেন থেকে নামতেই কয়েকজন তাঁকে ঘিরে ধরে। এরপর ট্রেন ছেড়ে যাওয়ার পর প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জলে ফেলে দেওয়া হয়। পুলিশ ভাড়াটে খুনিকেও গ্রেপ্তার করেছে। পাঁচজনকেই চারদিনের হেপাজতে নিয়ে আরও কারা কারা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

Post a Comment

0 Comments